জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, ৩৪ জনের নামে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষাক্ত কেমিকেল মেশানোর অভিযোগে মামলা করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে অন্তর্ঘাতমূলক এ মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, রোববার সকালে আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ি ও যৌথবাহিনীর ক্যাম্পে ব্যবহৃত পানি ব্যবহার করার পর কয়েকজন পুলিশ সদস্য শারীরিক অস্বস্তি অনুভব করেন। পরে পানিতে দুর্গন্ধ, জ্বালাপোড়া এবং সাদা ফেনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ওই পানির ব্যবহার বন্ধ করা হয়।
খবর পেয়ে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে পানিতে বিষাক্ত কেমিকেল মেশানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনায় অন্তর্ঘাতমূলক মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
