চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় মা ও বাবা নিহত হয়েছেন। শনিবার উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিয়ে নিয়ে বিরোধের একপর্যায়ে রোমি রাজ দাশগুপ্ত ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশগুপ্তকে (৫৫) আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্ত্রীকে বাঁচাতে গেলে বাবা স্বপন দাশগুপ্তকেও (৬৫) ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত স্বপন দাশগুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে অ্যাম্বুলেন্সে তোলার পরই তার মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন উদ্দীন জানান, আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
