বন্যায় প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি, মারা গেছে ১.৬১ লাখ পশু-পাখি

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক বন্যায় প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ১ লাখ ৬১ হাজার ৩৯৪টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ লাখের বেশি প্রাণিসম্পদ ও ১০ হাজার ৯৯১টি খামার।
চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়, যেখানে ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। বন্যায় পশুখাদ্য, ঘাস ও খড় নষ্ট হওয়ায় খামারিরা চরম সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্তদের অনেকেই জানান, গরু, ছাগল ও হাঁস-মুরগিই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন। এসব হারিয়ে তারা এখন অনিশ্চয়তার মুখে। প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পশু চিকিৎসা ও টিকাদান কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
