চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলার শিকার মা ও মেয়ে

চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ময়রা খাতুন (৫৫) ও তাঁর মেয়ে রাবিয়া খাতুনকে (১৫) উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, ময়রার মাথায় চারটি এবং রাবিয়ার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।

স্থানীয়দের দাবি, বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মোরশেদুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাকিবের বাড়িতে হামলা চালায়। প্রতিবেশীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতদের স্বজনরা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top