ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) চাহিদা। বিশেষ করে জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশে রেকর্ড তাপমাত্রার কারণে চীনা প্রতিষ্ঠান মিডিয়ার তৈরি একটি পোর্টেবল এসি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ইউরোপের অনেক পুরোনো ভবনে স্থায়ী এসি বসানোর সুযোগ না থাকায় ‘পোর্টা-স্প্লিট’ নামে পরিচিত এই পোর্টেবল এসি সহজেই জানালায় বসানো যায়। দেয়ালে ছিদ্র বা বড় ধরনের স্থাপনার প্রয়োজন না হওয়ায় এটি দ্রুত ক্রেতাদের নজর কাড়ে।

চাহিদা এতটাই বেড়েছে যে অনেক জায়গায় পণ্যটির দাম স্বাভাবিক মূল্যের দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত উঠেছে। কোথায় স্টক রয়েছে, তা জানাতে আলাদা ওয়েবসাইটও চালু করা হয়েছে। বিভিন্ন দেশে ব্র্যান্ডটির বিক্রি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তবে এসির ব্যবহার বাড়ায় বিদ্যুৎ খরচ ও কার্বন নিঃসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। যদিও তীব্র গরমে জনস্বাস্থ্য রক্ষায় শীতাতপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই পণ্যের সাফল্য শুধু তাপপ্রবাহের প্রভাবই নয়, আন্তর্জাতিক বাজারে চীনা প্রযুক্তিপণ্যের প্রতি ক্রেতাদের আস্থাও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
