বিশ্বকাপে ইউরোপের আধিপত্য, শেষ আটে ছয় দল
৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল অনগ্রসর অঞ্চলের প্রতিনিধিত্ব বাড়ানো। তবে কোয়ার্টার ফাইনালে উঠেই আবারও স্পষ্ট হয়েছে ইউরোপের আধিপত্য। শেষ আটে জায়গা পাওয়া আট দলের মধ্যে ছয়টিই ইউরোপের—ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইউরোপের বাইরে টিকে আছে কেবল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মরক্কো।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পাঁচটি ইউরোপীয় দল থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। ফলে ২০১৮ সালের মতো আবারও পুরোপুরি ইউরোপীয় সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২২ সালের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও শেষ আটে উঠেছে। তবে দলটির অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার ইউরোপে জন্ম ও বেড়ে ওঠায় তাদের সাফল্যেও ইউরোপীয় ফুটবল কাঠামোর প্রভাব স্পষ্ট।
অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৯৯০ সালের পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ শেষ হলো সেলেসাওদের। ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয়ের অপেক্ষাও দীর্ঘ হলো তাদের।
শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে। এশিয়ার নয়টি প্রতিনিধির মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও জাপান গ্রুপ পর্ব পেরোতে সক্ষম হয়েছে।
