চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১ লাখ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৯ হাজার ৬৮৮ পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

বোর্ড সূত্রে জানা গেছে, ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন রয়েছেন।
এদিকে, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সব কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করেছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
