নড়াইলে চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগের আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩২ বছর বয়সী আনোয়ার হোসেন। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, গত ২৪ জুন বাড়ি থেকে বের হওয়ার পর সদর উপজেলার গোবরা মালোপাড়ায় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে গাছের সঙ্গে বেঁধে সারারাত মারধর করা হয়। পরদিন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানান, আনোয়ারের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top