‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরল চট্টগ্রাম বন্দর, গড়ল নতুন রেকর্ড
চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে। ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় শূন্যে নেমে এসেছে। এতে জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম কমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি এসেছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৩৫ লাখ ৩১ হাজার ১১৮ টিইইউস কনটেইনার, ১৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৬ মেট্রিক টন কার্গো এবং ৪ হাজার ৩৩৬টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।
এ সময়ে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৬২৯ কোটি ১৭ লাখ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৫ কোটি ২১ লাখ টাকা এবং সরকারকে ৯৬০ কোটি ৪ লাখ টাকা কর পরিশোধ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, শতভাগ ই-গেট পাস, পেপারলেস সেবা, ‘সিপিএ স্কাই’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর মাধ্যমে বন্দরের পরিচালন দক্ষতা আরও বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের আন্তর্জাতিক পরিদর্শনে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।
বন্দর কর্তৃপক্ষের দাবি, পরিচালন দক্ষতা ও ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের স্মার্ট পোর্টে রূপান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।
