ব্রাজিল-আর্জেন্টিনার পর এবার জার্মানিকেও হারাতে চান প্যারাগুয়ে কোচ

বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ৩০ মিনিটে বোস্টনে শেষ ৩২-এর ম্যাচে জুলিয়ান নাগলসম্যানের জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আলফারো বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই করে জয় পাওয়ার অভিজ্ঞতা তার দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়েছি, এবার লক্ষ্য জার্মানি: প্যারাগুয়ে কোচ

‘আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলেছি, যারা জার্মানির সমমানের, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও এগিয়ে। তারা বিশ্বকাপ জয়ের দাবিদার। তাদের বিপক্ষে আমরা কঠিন লড়াই করেছি এবং জয়ও পেয়েছি,’ বলেন প্যারাগুয়ে কোচ।

বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক শুরুর পর ২০২৪ সালের আগস্টে আলফারোর দায়িত্ব নেওয়ার পর বদলে যায় প্যারাগুয়ের চেহারা। তার অধীনেই দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় দলটি।

মূল বিশ্বকাপে অবশ্য শুরুটা সুখকর ছিল না। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর ঘুরে দাঁড়ায় তারা। তুরস্কের বিপক্ষে ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নিশ্চিত করে নকআউট পর্ব।

তবে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে প্যারাগুয়ে। দুই হলুদ কার্ডের কারণে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ নিষিদ্ধ। চোটের কারণে সেন্ট্রাল ডিফেন্ডার ওমর আলদেরেতের খেলাও অনিশ্চিত।

আলফারো জানিয়েছেন, জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলায় বিশেষ কৌশল নিয়েই মাঠে নামবে তার দল। যদিও ম্যাচের আগে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মাত্র একটি অনুশীলন সেশনই পেয়েছে প্যারাগুয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top