মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মালদ্বীপের রাজধানী মালের একটি স্টাফ কোয়ার্টার থেকে মেজবাহ উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির আবাসন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সহকর্মীদের বরাতে জানা গেছে, মেজবাহকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মেজবাহ উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মাহাদিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জীবিকার সন্ধানে মালদ্বীপে যান। সম্প্রতি তিনি কিছু ব্যক্তিগত ও মানসিক চাপে ছিলেন বলে জানা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিবার নিশ্চিত নয়।
এ ঘটনায় মালদ্বীপ পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
