ডেনমার্কে আজানের আওয়াজ নিষিদ্ধের পরিকল্পনা
ডেনমার্কে মসজিদ থেকে লাউডস্পিকারে আজানের আওয়াজ বা ইসলামিক ‘কল টু প্রেয়ার’ নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মর্টেন বডসকভ। তিনি দাবি করেন, ডেনমার্কের কিছু এলাকা ঘুরলে মনে হয় যেন ‘ইসলামাবাদের কোনো শহরতলী’, এরপরই এ উদ্যোগের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সরকার ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। দেশটিতে আগে থেকেই ‘ঘেটো আইন’সহ অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন কঠোর ব্যবস্থা কার্যকর রয়েছে।
তবে আজানের আওয়াজ নিষিদ্ধের যেকোনো উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ ডেনমার্কের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও জনসমক্ষে উপাসনার অধিকার নিশ্চিত করেছে। ফলে সরকারকে ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয় বাসিন্দাদের অধিকার—উভয় বিষয়ই বিবেচনায় নিতে হবে।
বর্তমানে প্রায় ৬০ লাখ জনসংখ্যার ডেনমার্কে আনুমানিক ২ লাখ ৭০ হাজার মুসলিম এবং প্রায় ১০০টি মসজিদ রয়েছে। ইউরোপের অনেক দেশের মতো ডেনমার্কেও ধর্মীয় শব্দ সম্প্রচার নিয়ে স্থানীয় বিধিনিষেধ বিদ্যমান।
