চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংঘটিত এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

অন্যদিকে একই দিন দুপুরে পটিয়া বাইপাসের কচুয়াই এলাকায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই প্রাইভেট কারের আরোহী। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তার বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পুলিশ জানায়, সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন।
