সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬
সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন। তল্লাশিতে বোট থেকে মিয়ানমার থেকে আনা প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় চোরাচালান কাজে ব্যবহৃত বোটসহ ৬ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত জাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
