ফেনীতে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর চলাচল শুরু মেঘনা এক্সপ্রেসের

ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস ,

চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় আড়াই ঘণ্টা আটকা পড়ে অন্তত ৮০০ যাত্রী। শনিবার সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

রেলওয়ে সূত্র জানায়, স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে ত্রুটি ধরা পড়ে। একপর্যায়ে মোটরে আগুনের আভাস পাওয়া গেলে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয় এবং অনেকে বিকল্প হিসেবে সড়কপথে যাত্রা অব্যাহত রাখেন।

লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক জানান, সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে ওঠার পর ফেনীতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক যাত্রী ইতোমধ্যে ট্রেন ছেড়ে অন্য পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, দুই সন্তান নিয়ে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। নির্ধারিত সময়ে চট্টগ্রামে পৌঁছাতে না পারায় চরম ভোগান্তির মুখে পড়েছেন তারা।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন অপসারণের পর মেঘনা এক্সপ্রেস পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। তিনি আরও বলেন, ট্রেনটি একটি লাইনে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top