জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হয়রানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সময়সীমা আরও চারদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশে তদন্তের সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির প্রধান ও সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন জানান, এ পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া যে তথ্যের ভিত্তিতে জাতীয় দলের এই ক্রিকেটারকে তল্লাশি করা হয়েছিল, সেই তথ্যের উৎসও যাচাই-বাছাই করা হচ্ছে।

গত ১২ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর লালখান বাজার এলাকায় পুলিশের হাতে হয়রানির শিকার হন নাঈম হাসান। অভিযোগ অনুযায়ী, সিএনজি অটোরিকশা থামিয়ে তাকে গাড়ি থেকে নামানো হয় এবং পরে মারধর করা হয়। একপর্যায়ে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরও হয়রানির অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি খুলশী থানার ওসি আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স সোহেল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী নাঈম হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
