চিকিৎসার আশায় ক্লিনিকে হাজির আহত হনুমান
রাজবাড়ীর পাংশায় ব্যথায় কাতর এক আহত হনুমান মানুষের চিকিৎসাকেন্দ্রেই যেন খুঁজতে গেল স্বস্তির আশ্রয়। স্থানীয়দের বিস্মিত করে মঙ্গলবার দুপুরে সে ঢুকে পড়ে শহরের একটি বেসরকারি ক্লিনিকে। পরে প্রাণিসম্পদ বিভাগ ও বন বিভাগের উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লিনিকে ঢুকে হনুমানটি রোগীদের বসার বেঞ্চে চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ পর আবার শুয়ে পড়ে এবং আহত হাতটি বারবার দেখানোর চেষ্টা করে। উপস্থিত অনেকেই ধারণা করেন, ব্যথার কারণেই প্রাণীটি মানুষের কাছে সাহায্য চাইতে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন আগে হনুমানটি আহত হয়েছিল। তার হাতে সেলাইও দেওয়া হয়েছিল। তবে ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় আবারও ব্যথা শুরু হয়। চিকিৎসকদের ধারণা, সেই যন্ত্রণার কারণেই সে লোকালয়ে এসে মানুষের কাছাকাছি অবস্থান নেয়।
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ইনজেকশন দেন। পরে বন বিভাগের তত্ত্বাবধানে তাকে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়।
বন বিভাগ জানিয়েছে, বর্তমানে হনুমানটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। শিগগিরই বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের অনেকেই বলেন, মানুষের মতো আচরণ করে চিকিৎসার জন্য ক্লিনিকে চলে আসা হনুমানটির ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
