চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্তত ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মুহাম্মদ জাকির (৪২)। মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডে জড়িত আরও পাঁচজন একটি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চক্রের অনুসারী। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পুলিশ। পরিবারের সদস্যরা শোক সামলে উঠলে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
গত শনিবার (১৩ জুন) দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা পাঁচ অস্ত্রধারী যুবদল নেতা মাসুদকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।
