বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে দলের পারফরম্যান্স ও পরিবেশ ইতিবাচক থাকলে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন।

৩৪ বছর বয়সী কোর্তোয়া ২০১১ সালে বেলজিয়ামের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১০৯টি ম্যাচ খেলেছেন। তিনি জানান, ক্লাব ক্যারিয়ার আরও কয়েক বছর চালিয়ে যেতে চান এবং সে জন্য শরীরের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
কোর্তোয়ার মতে, সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে বিশ্রামের গুরুত্ব আরও বেড়েছে। পাশাপাশি সেনে ল্যামার্স ও মাইক পেন্ডার্সের মতো তরুণ গোলরক্ষকদের সুযোগ করে দেওয়ার বিষয়টিও তার ভাবনায় রয়েছে।
তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন রেয়াল মাদ্রিদের এই তারকা। বিশ্বকাপে বেলজিয়ামের পারফরম্যান্স সন্তোষজনক হলে কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
