চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের কবলে পড়েন তারা। একপর্যায়ে ছিনতাইকারীরা দুজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে পংকজের মৃত্যু হয়। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয়রা বোরকা পরিহিত এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তি আবিদুর ইসলাম (৩৫) বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
