প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তাসংক্রান্ত তার চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

লাল টেলিফোনের তার চুরি: দুই আসামির ৫ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তাসংক্রান্ত ‘লাল টেলিফোন’ সংযোগের তার চুরির মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির মামলায় দুই আসামি রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে (বাঁয়ে) আদালতে তোলা হয়

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) এবং ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম (৩২)। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সচিবালয়ের পুরোনো ও নতুন এক নম্বর ভবনের মধ্যে থাকা কপার কেব্‌ল কেটে নেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র তার চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তিনি চুরি করা প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তামার তার একটি ভাঙারি দোকানে বিক্রি করেছিলেন বলেও জানা গেছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজধানীর চকবাজার এলাকার একটি গুদাম থেকে চুরি হওয়া তারও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top