‘বাংলাদেশে বড় হত্যাকাণ্ড’ মন্তব্যে মমতার বিরুদ্ধে মামলা ,
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং দেশদ্রোহিতাসহ ইউএপিএর বিভিন্ন ধারায় এ মামলা করেন।

অভিযোগে বলা হয়েছে, মমতার বক্তব্য ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রিঙ্কি সিং দাবি করেন, এ ধরনের মন্তব্য বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব উসকে দিতে পারে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
গত ২ মে এক বক্তব্যে মমতা ব্যানার্জী নাম উল্লেখ না করে বলেন, তিনি বাংলাদেশে সংঘটিত একটি ‘বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে জানেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত একজনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল।
এ ঘটনায় ইতোমধ্যে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, আদালত খুললে তিনি মমতার গ্রেপ্তারের আবেদনও করবেন। তবে এ বিষয়ে এখনো মমতা ব্যানার্জীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
