ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন পাইন্দং গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ আরিফ (২০)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা মোটরসাইকেলে করে বৃন্দাবনহাট বাজারের একটি গ্যারেজে যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ও বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
