হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ, তদন্ত চান তাসনিম জারা দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন চিকিৎসক ও রাজনীতিবিদ Tasnim Zara। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, হামের সংক্রমণ মোকাবিলায় শুধু টিকাদান নয়, সমন্বিত জাতীয় রোডম্যাপ জরুরি।

তাসনিম জারা বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং এটি ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নিশ্চিত করা প্রয়োজন। জাতীয় গড় ভালো হলেও দেশের কিছু নির্দিষ্ট এলাকায় টিকাদানের ঘাটতি থাকায় সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
তিনি প্রাদুর্ভাব মোকাবিলায় একটি জাতীয় হাম হটলাইন চালুর প্রস্তাব দেন। এর মাধ্যমে রোগী শনাক্ত, কন্ট্যাক্ট ট্রেসিং, চিকিৎসা সমন্বয় এবং রিয়েল-টাইম ড্যাশবোর্ড তৈরি করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি আক্রান্ত এলাকায় দ্রুত ‘রিং ভ্যাকসিনেশন’ কার্যক্রম চালুর পরামর্শ দেন।
তাসনিম জারা আরও বলেন, আক্রান্ত শিশুদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরাঘুরি সংক্রমণ আরও বাড়াচ্ছে। এজন্য প্রতিটি এলাকায় নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র, আলাদা আইসোলেশন ব্যবস্থা এবং জাতীয় বেড-অ্যাভেইলেবিলিটি ড্যাশবোর্ড চালুর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্বে কার্যকর কৌশল আগে থেকেই রয়েছে। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সমন্বয় এবং পুরো পরিস্থিতি তদন্তে সংসদীয় কমিটি গঠন।
