
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা ও শিশুকন্যার চট্টগ্রামের Sitakunda উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তার শিশুকন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা মীর জাকারিয়া হোসেন নয়ন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা তারিন (২৮) ও তার ছোট্ট কন্যাশিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের ডিসি পার্ক এলাকায় ঘুরতে গিয়েছিলেন নয়ন। রাতে মোটরসাইকেলে করে নগরীর লালখান বাজার এলাকায় ফেরার পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের শিশুকন্যা চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়।
এসময় সন্তানকে বাঁচাতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ও শিশুকন্যাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে Chittagong Medical College Hospital এ ভর্তি করেন। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
