অনুদান পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা, আবেদন শেষ ১৬ এপ্রিল

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদনের সময়সীমা বাড়িয়েছে। আগে ১৭ মার্চ পর্যন্ত সময় ছিল। এখন আগামী ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেট থেকে এই অনুদান দেওয়া হবে। সংশোধিত নীতিমালা-২০২৫ অনুযায়ী আবেদন নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব স্বীকৃত বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান — এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত — মেরামত ও সংস্কার, আসবাব, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম ও প্রতিবন্ধীবান্ধব করার জন্য অনুদানের আবেদন করতে পারবে। অনগ্রসর এলাকার কিন্তু ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

আবেদন করতে হবে মাইগভ প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানপ্রধান বা রেজিস্ট্রারকে আগে মাইগভে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫-এ দেওয়া মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। এরপর প্রতিষ্ঠান নম্বর দিয়ে প্রোফাইল যাচাই করে হোম পেজের ‘শিক্ষাপ্রতিষ্ঠান/শিক্ষক-কর্মচারী/শিক্ষার্থীদের আর্থিক অনুদান’ অংশ থেকে আবেদন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের অর্থ সরাসরি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। এজেন্ট বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীরা একবারই এই সুবিধা পাবেন। আগে পেয়ে থাকলে আর আবেদন করা যাবে না। শিক্ষার্থীরা তিন বছর পরপর আবেদন করতে পারবেন। নীতিমালা www.shed.gov.bd থেকে পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top