চট্টগ্রামে সীতাকুণ্ডের আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে মিলে ডাকাত দল হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছেন প্রতিষ্ঠানের দায়িত্বরত আনসার সদস্যরা।
সোমবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার দিকে শীতলপুর এলাকায় আবুল খায়ের গ্রুপের ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে।
ডাকাতরা ফ্যাক্টরির ভেতর থেকে তামা-পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করছিল। এসময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষায় আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ৩ ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। অন্য ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।
আটক ডাকাতরা হলেন—সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে জাবেদ (২৭), একই এলাকার আবুল কালামের ছেলে শরিফুর রহমান (২৮) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার বন্তাবাড়ি এলাকার মো. শাহাজানের ছেলে রাসেল (২৯)।
স্টিল মিলের ডিজিএম (এইচআর এডমিন) ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আটকদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশিয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পর ফ্যাক্টরির সিকিউরিটি টিম ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম সীতাকুণ্ড বার্তা কে বলেন, ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আটক ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল লুটতরাজ ও হামলা চালায়। এ ঘটনায় বিএনপির ও অঙ্গ সংগঠনের দুই নেতাসহ সাতজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
