দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।
বৃহস্পতিবার বিকেলে উত্তর বাড্ডায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিলে যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বাড়লেও মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না। বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার বিষয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
