মীরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র, কার্তুজ, ছোরা, একটি ট্রাকসহ ডাকাতিতে ব্যবহৃত ও লুট করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দিবাগত রাতে ১৫ থেকে ১৬ জনের একটি দল মধ্যম ওয়াহেদপুরের শেখের তালুক এলাকায় ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও সিসিটিভির সরঞ্জামসহ প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার মো. রহিম, মো. জামাল প্রকাশ কুদ্দুস, মো. সাইফুল ইসলাম প্রকাশ সজিব, মো. আনোয়ার হোসেন মিলন ও মো. হানিফ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, তাঁদের কয়েকজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top