নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘর থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ৩

ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা এলাকায় প্রতিবেশীর ঘরের আলনার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা নাছির উদ্দিন জমিজমা বিরোধের জেরে প্রতিবেশী আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহত হালিমা নিশ্চিন্তা এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে হালিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিনভর খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরে তল্লাশি করে শিশুটির লাশ উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top