চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ১৭টি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা ইটভাটাগুলোতে সরেজমিনে গিয়ে মালিকদের হাতে এ সংক্রান্ত নোটিশ তুলে দেন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসব ইটভাটা কর্তৃপক্ষকে ভাটায় আগুন না দেওয়া, জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার সুযোগ নেই। বন্ধের সিদ্ধান্ত দেওয়া ইটভাটাগুলো সনাতন প্রযুক্তিতে চালানো হতো। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে এসব ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, নোটিশের পরেও কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, মামলা, মালামাল জব্দ ও ভাটা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
