ওমরাহ শেষে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে চট্টগ্রামের নারীর মৃত্যু
ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। ওমানের মাসকটে বিমানটির জরুরি অবতরণের পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ফ্লাইটটি ওমানের মাসকটে জরুরি অবতরণ করে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষ করতে সময় লাগায় মরদেহ ওমানে রেখে বুধবার দুপুরে একাই দেশে ফেরেন তার ছেলে এরশাদ। ছানোয়ারা বেগম সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। গত ২৫ জুলাই তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
