দুদকের মামলায় যুবকের ৪ বছরের কারাদণ্ড

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শাহ আলম (৪৪) নামে একজনকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি বলেন, দুদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহ আলমকে পৃথক দুই ধারায় মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহ আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে প্রায় ৫০ লাখ ৫ হাজার ২৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য না পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময় পার হলেও শাহ আলম দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top