১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দিচ্ছে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, এ বিষয়ে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হবে।
প্রস্তাবিত আইনে নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগও রাখা হবে।
লাক্সন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি ও সামাজিক চাপ শিশুদের মানসিক স্বাস্থ্য, ঘুম, পড়াশোনা ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিশুদের নিরাপদ রাখতে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
তবে জোট সরকারের শরিক নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি এই উদ্যোগের বিরোধিতা করেছে। দলটির নেতা উইনস্টন পিটার্স মনে করেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের চেয়ে অভিভাবকদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিবেশী অস্ট্রেলিয়ার পদক্ষেপ অনুসরণ করেই নিউজিল্যান্ড এমন উদ্যোগ নিচ্ছে। তবে বিলটি পার্লামেন্টে পাস হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

