চট্টগ্রাম বন্দরে ২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে হাজির হলো আরেকটি জাহাজ

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে দেশে এসেছে নতুন একটি জাহাজ। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটিতে আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তেল সরবরাহ করেছে ইন্দোনেশিয়ার কোম্পানি ‘পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তেল আমদানির একমাত্র সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ফার্নেস তেলের কোনো সংকট নেই। ৬ এপ্রিল পর্যন্ত দেশে ফার্নেস তেলের মজুত ছিল ৬৩ হাজার ২৮১ টন। এ তেলে প্রায় ২৮ দিন চলে যাবে। এখন নতুন করে আরও ২৫ হাজার টন এসেছে।

এমটি ইস্টার্ন কুইন্স নামের জাহাজটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে পৌঁছায়
এমটি ইস্টার্ন কুইন্স নামের জাহাজটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে পৌঁছায়

‘হাই-সালফার ফার্নেস অয়েল’ সাধারণত কালো তেল হিসেবে পরিচিত। ছোট-বড় শিল্পকারখানায় চুল্লি, বিদ্যুৎকেন্দ্রের বয়লার ও সমুদ্রগামী জাহাজে জ্বালানি হিসেবে এই তেল ব্যবহার করা হয়। তবে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনে এটির ব্যবহার সবচেয়ে বেশি।

বিপিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সরবরাহ করা জ্বালানির মধ্যে ফার্নেস তেলের অংশ ছিল প্রায় ১৩ শতাংশ। ওই অর্থবছরে দেশে ফার্নেস তেল বিক্রি হয়েছে ৮ লাখ ৮৭ হাজার টন। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর গত মার্চে ২৫ হাজার টন ফার্নেস তেল এসেছিল। আর এ মাসে এল আরও একটি জাহাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top